শেষ হলো বাংলাদেশী উন্মুক্ত টুলস তৈরির বুটক্যাম্প

১৬ ডিসেম্বর, ২০২৪ ২১:৩৩  

নিত্য প্রয়োজনী ওয়েব ও সফটওয়্যার তৈরির বাংলাদেশী উন্মুক্ত টুলস তৈরির মিশনে নেমেছে বাংলাদেশ। ব্যয় ও সময় কমিয়ে দেশী ব্র্যান্ডের কন্টেন্ট এগ্রিগেটর বানাতে চায় স্বেচ্ছাসেবী প্রযুক্তিসেনারা। এই সেনাদের অংশগ্রহণেই বিজয় দিবসের দিনে দিনব্যাপী বুটক্যাম্পের মধ্য দিয়ে সোমবার শুরু হয়েছে এই মিশন। সাতটি গ্রুপে বিভক্ত হয়ে ৭০টি টিমে মিশনের ৩ শতাংশ কাজ হয়েছে এক দিনেই।

 সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের একটি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই ক্যাম্প। দেশের ডেভলপার, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে এই ক্যাম্পের আয়োজন করে : ওপেন সোর্স বাংলাদেশ অ্যালায়েন্স (OSBD Alliance)। সন্ধ্যায় অংশগ্রহণকারীদের হাতে সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা। ক্যাম্পে অংশ নেয় নানা বয়স, শ্রেণী পেশার স্বেচ্ছাসেবী প্রযুক্তি কর্মী।

ক্যাম্প শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন আইটি ট্রান্সফরমেশনাল লিডার মোহাম্মাদ মাহদী -উজ-জামান, লুজলি কাপল্ড টেকনোলজিসের সিইও ফিরোজ মাহমুদ জাহিদুর রহমান এবং হেডব্লকস-এর সিইও ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ মুহাম্মদ আসিফ আতিক। এছাড়াও মেন্টর হিসেবে ক্যাম্পে অংশগ্রহণকারীদের পাশে থাকায় ক্রেস্ট দেয়া হয়  লিংক ভিশন সফটওয়্যার সল্যুশনের সিইও মোঃ হাসান মাহফুজ, বি-ট্র্যাক সল্যুশনের ডেপুটি ম্যানেজার মেজবাহ কামাল, লুজলি কাপল্ড টেকনোলজিসের সিওও সৈয়দা নওশাদ জাহান এবং ফাইবার অ্যাট হোমের অ্যাসিসট্যান্ট ম্যানেজার মুহসিনা আক্তারকে।

ক্যাম্পে অংশ নিয়ে ক্লাউড-নেটিভ মাইক্রোসার্ভিস তৈরি এবং হেডলেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্পেম (সিএমএস) প্রযুক্তি ব্যবহার করার হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছেন অংশগ্রহণকারীরা। একইসঙ্গে টিম ওয়ার্ক এবং কৃত্রিমবুদ্ধিমত্তা ব্যবহার করে সমন্বিত প্রকল্প উন্নয়নের মাধ্যমে নিজেদের কোডিং দক্ষতাও ঝালিয়ে নিয়েছেন তার।কাজ করতে গিয়ে যখনই সমস্যায় পড়েছেন উপস্থিত বিশেষজ্ঞদের কাছ থেকে পেয়েছেন সমাধান।

শিগগরিই বড় ধরনের কর্মশালা আয়োজনের কাথা জানিয়ে কমিউনিটি ম্যানেজার মোহাম্মদ ফারুক বলেছেন,
"আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রযুক্তি খাতকে একটি ওপেন সোর্স হাবে রূপান্তরিত করা। এই বুট ক্যাম্পের মাধ্যমে আমরা ডেভেলপারদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের ওপেন সোর্স কমিউনিটির সম্প্রসারণে কাজ করে যাচ্ছি।"